মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইরানের পক্ষে এই গোষ্ঠীর যুদ্ধে অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ইরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলা শুরুর পর থেকে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে। এরই মধ্যে হুথিদের সক্রিয় অংশগ্রহণ নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে।
এই পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লোহিত সাগরে মোতায়েন থাকা ইইউর নৌ-মিশন জানিয়েছে, তারা হুথিদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
‘অপারেশন আস্পাইডস’ নামে পরিচিত এই মিশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। জাহাজগুলোকে নিবন্ধিত হয়ে নির্ধারিত সামুদ্রিক নিরাপত্তা চ্যানেল ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখতে ইইউর নৌ-সম্পদগুলো উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে লোহিত সাগর অঞ্চলে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। তখন অনেক জাহাজকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে চলাচল করতে হয়, যা সময় ও ব্যয় উভয়ই বাড়িয়ে দেয়।
বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাতে হুথিদের সক্রিয়তা বাড়লে আবারও বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।
মন্তব্য করুন