আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন শুরু হবে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসস জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়া খালের দিকে রওনা হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের মাধ্যমে দেশের সব খালের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী পরে স্থানীয় সমাবেশে বক্তব্য রাখবেন এবং দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এছাড়া স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
এই খাল খনন কর্মসূচি দেশের সেচ ব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালন এবং খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার অংশ। মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, সাহাপাড়ার ১২ কিলোমিটার খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি একযোগে কাজ করবে। খননের পাশাপাশি খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণও করা হবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
মন্তব্য করুন