সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নিশ্চিত করেছে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি জানিয়েছেন, গত কয়েক দিনে ইরান থেকে দেশটির ওপর ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
তিনি জানান, এই হামলার মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরান নিক্ষেপ করা ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
মেজর জেনারেল আল হুমাইদি জানিয়েছেন, যদিও ক্ষয়ক্ষতি সামান্য ও মাঝারি পর্যায়ে সীমিত, তবুও সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের ওপর আঘাত কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগ্রাসন মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে এমন হামলার প্রতিরোধ করা যায় এবং জনগণকে রক্ষা করা সম্ভব হয়।
মন্তব্য করুন