বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন এবং সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সামনে বর্তমানে বহু সমস্যা রয়েছে, তবে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায় যেখানে শ্রমের মর্যাদা নিশ্চিত হবে, মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং প্রতিটি নাগরিক ন্যায়বিচার পাবে। তিনি আরও বলেন, দলটি বিশ্বাস করে—নেতার আগে জনতা, ক্ষমতার আগে জনগণ এবং সবার আগে বাংলাদেশ।
তিনি জানান, বিএনপি সমতাভিত্তিক ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও জানানো হয়, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। সেই ইশতেহারে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন