আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আজ বুধবার তিস্তাপাড় এলাকায় একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দলীয় কর্মসূচি তুলে ধরা এবং ভোটারদের কাছে দলের অবস্থান ব্যাখ্যা করবেন জামায়াত আমির।
দলীয় সূত্র জানায়, তিস্তাপাড়ের জনসভায় অংশ নেওয়ার আগে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম জেলার একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচনি কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে তার।
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনসভা সফল করতে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনি কার্যক্রম জোরদার করছে। মাঠপর্যায়ে সভা-সমাবেশ, গণসংযোগ এবং বিভিন্ন প্রচার কার্যক্রমের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে দলগুলো। তিস্তাপাড়ের এই জনসভাকেও জামায়াত তাদের নির্বাচনি প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
মন্তব্য করুন