ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে অবশ্যই নিবন্ধন বাতিল বা ডি-রেজিস্ট্রেশন করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম সম্পূর্ণভাবে কার্যকর করা হয়েছে। এই সিস্টেম চালুর ফলে বর্তমানে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে।
বিটিআরসি জানায়, এনইআইআর কার্যকর হওয়ায় অবৈধ, চোরাই ও অননুমোদিত মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে। একই সঙ্গে গ্রাহকের নিরাপত্তা এবং অপরাধ দমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ব্যবস্থার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ব্যবহৃত ফোন হস্তান্তর বা বিক্রয়ের ক্ষেত্রে ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনে সিমকার্ড পরিবর্তন করা হলে বা ফোনটি অন্য কারও কাছে ব্যবহারের জন্য দেওয়া কিংবা বিক্রি করার আগে অবশ্যই সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে। অর্থাৎ, এনইআইআর সিস্টেমে ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে নতুন ব্যবহারকারী ফোনটি বৈধভাবে ব্যবহার করতে সমস্যায় পড়তে পারেন।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সিম কেনার সময় ব্যবহৃত পরিচয়পত্র—জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে বিটিআরসি। বিস্তারিত নির্দেশনা ও আবেদন প্রক্রিয়া জানতে কমিশনের ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে বলা হয়েছে। এছাড়া সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে কিংবা নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
বিটিআরসি বলছে, গ্রাহকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই এনইআইআর সিস্টেমের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে।
মন্তব্য করুন